শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | মোঃ আশরাফুল ইসলাম
১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

রাজশাহী

শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করেন। তবে পরিস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ২০২৪ সালের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।