সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবারও জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | মোঃ আশরাফুল ইসলাম
১৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

রাজশাহী

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবারও জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল

চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, ব্যবসায়িক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবারও বহিষ্কৃত হয়েছেন ডা. ইসমাইল হোসেন। সংগঠনের অভ্যন্তরে বিরোধ ও সংঘাত সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা জামায়াত।

রোববার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের অভ্যন্তরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরির মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগ সাংগঠনিকভাবে পর্যালোচনা ও তদন্তের পর দলীয় শৃঙ্খলা এবং নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের পর থেকে ডা. ইসমাইল হোসেন জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারবেন না। সংগঠনের নাম ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা কিংবা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণেরও অধিকার থাকবে না তার।

এ ছাড়া জামায়াতের কোনো পর্যায়ের জনশক্তি তার পক্ষে কথা বলতে বা তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের এ সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দিয়েছে জেলা জামায়াত।

উল্লেখ্য, ডা. ইসমাইল হোসেনকে ঘিরে সাম্প্রতিক সময়ে সাংগঠনিক ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যে নতুন করে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক মহলে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

আরো পড়ুন----সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি