ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ‘উইন সেরেক্স কফ সিরাপ’-এর ৩৪ বোতলসহ মো. মিঠুন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে ভোলাহাট উপজেলার হোসেনভিটা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মিঠুনকে আটক করা হয়। আটক ব্যক্তি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মনজুর রহমানের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সীমান্তে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।