প্লাস্টিক দূষণমুক্ত কুয়াকাটা গড়তে পৌরসভার উদ্যোগ, অংশীজনদের পরামর্শ সভা
দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্লাস্টিক বর্জ্যের পরিবেশগত ক্ষতি, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু এবং প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।
এ ছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস ও গ্রামবাংলাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার ও যত্রতত্র ফেলে রাখার প্রবণতা উপকূলীয় পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এতে কুয়াকাটার সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
তাঁরা আরও বলেন, পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং পর্যটনশিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। এ সমস্যা মোকাবিলায় শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
বক্তারা বর্জ্য উৎপত্তিস্থলেই প্লাস্টিক আলাদা করা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সভায় কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে কুয়াকাটায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় কুয়াকাটাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পর্যটননগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।