কলাপাড়ায় চার লিটার চোলাই মদসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর কলাপাড়ায় চার লিটার অবৈধ চোলাই মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০) এবং বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামের মো. নুর ইসলাম গাজীর ছেলে মো. রাসেল গাজী (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় শাহআলম মোল্লার দোকানের পাশ থেকে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চার লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।