কলাপাড়ায় সড়কে আগুন, বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বরিশাল

কলাপাড়ায় সড়কে আগুন, বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা এলাকায় রাতভর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মশাল মিছিল এবং একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার গভীর রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে কুয়াকাটা থেকে ছেড়ে আসা কয়েকটি যানবাহন ধীরগতিতে চলাচল করে। একই সময়ে টিয়াখালী এলাকার মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালানো, পোস্টার লাগানো ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে মশাল মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে কুয়াকাটা বাস টার্মিনালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এতে বাসটির একাংশে আগুন ধরে যায়। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমাসদৃশ দুটি বোতল উদ্ধার করে।

একই রাতে আলীপুর থ্রি-পয়েন্ট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে তাতে পেট্রোল ঢেলে বিক্ষোভ করা হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির বলেন, গভীর রাতে বাস টার্মিনালের ভেতরে একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. রাসেল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, বিস্ফোরকটি ফাঁকা জায়গায় পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সোমবার সন্ধ্যায় কলাপাড়া থানা-পুলিশ মোটরসাইকেল শোডাউন করে।

এ বিষয়ে বক্তব্য জানতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।