ফতুল্লায় মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৪৮ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পাঁচতলা ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ঘটনায় ৪৮ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)-কে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ভবনের দোতলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। ঘন ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালিতে ক্ষতি হয়েছে।
আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।