সোনারগাঁয়ে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈধ লাইসেন্স ছাড়াই পশুখাদ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
অভিযানকালে পশুখাদ্য বিক্রয়ের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারার বিধান লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ এবং সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) হারুনসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।