মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

ডেক্স নিউজ
২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ঢাকা

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী আফরোজা খানম আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ।-পিআইডি

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নিজের অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ বছর ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়াতে হবে।

তিনি বলেন, প্রাণিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, মানিকগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টির চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।

তিনি জানান, দুধের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। সেখানে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। এ সময় মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।