গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল
ছবি-সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে গেলেও পরে কর্মবিরতি পালন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে অধিকাংশ শ্রমিক কারখানা এলাকা ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েক শ শ্রমিক লাঠিসোঁটা হাতে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আনসার ব্যাটালিয়ন, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
পুলিশের ধাওয়ায় শ্রমিকদের একটি অংশ মহাসড়কের আশপাশের গলিতে চলে যায়। সেখান থেকেও তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়া হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
পরে শ্রমিকদের একটি অংশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।