চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি
ছবি-সংগ্রহীত
চট্টগ্রাম নগরের দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে নগরের খুলশী থানার দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই যুবক পুলিশ লাইনসের প্রধান ফটকের সামনের সড়কে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের ওপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুই যুবক।
হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।