সাজেকে পাল্টাপাল্টি অবরোধ, ১২ ঘণ্টা কর্মসূচি নিয়ে জটিলতা

অনলাইন ডেক্স:
০১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রাম

সাজেকে পাল্টাপাল্টি অবরোধ, ১২ ঘণ্টা কর্মসূচি নিয়ে জটিলতা

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে অবরোধ কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে রোববার (১ নভেম্বর) ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। তবে সশস্ত্র তৎপরতার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে একই সময়ে পাল্টা অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমা। ঘোষণায় বলা হয়, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে।

বিজ্ঞপ্তিতে সাজেকের বিভিন্ন এলাকায় সহিংসতা ও সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া গত ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়। এসব ঘটনার প্রতিবাদ এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অবরোধ কর্মসূচি পালনের কথা জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক ভিডিও বার্তায় জানান, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না। তবে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিতে বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াতের জন্য সংশ্লিষ্ট বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে হবে।

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি জানিয়েছে, তাদের অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদকর্মীদের যানবাহন।

২২ অক্টোবর থেকে অবরোধ, পর্যটন ভ্যালিতে নিষেধাজ্ঞা

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে গত ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির ডাক দেয়।

অবরোধ ও নিরাপত্তাহীনতার পরিস্থিতিতে একই দিন থেকে সাজেক পর্যটন ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন।

এ অবস্থায় রোববার একই সময়ে দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সাজেকের যান চলাচল, পণ্য সরবরাহ ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।