সংবাদ শিরোনাম

ভারী বর্ষণে বুধবার পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম

ভারী বর্ষণে বুধবার পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

বান্দরবান প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ধস, আকস্মিক ঢল ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বিবেচনায় ৯ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এর আগে জেলা প্রশাসন শুক্রবার পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হয়েছে।