আইফোন মেরামতের স্বপ্ন অপূর্ণই রইল, চাটখিলে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম

আইফোন মেরামতের স্বপ্ন অপূর্ণই রইল, চাটখিলে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এতে মো. নাজিম হোসাইন (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরেক যুবক মো. আবির, যিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির মোহাম্মদ আমিন উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাটখিল পৌর মার্কেটের একটি দোকানে মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নাজিম ও তাঁর প্রতিবেশী আবির মোটরসাইকেলে করে দিঘিরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাত সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথেই নাজিমের মৃত্যু হয়। আহত আবিরকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজিমের প্রতিবেশী গিয়াস উদ্দিন জানান, প্রায় তিন বছর ধরে তিনি মোবাইল মেকানিক হিসেবে কাজ করছিলেন। মাত্র একদিন আগে তিনি কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আইফোনসহ উন্নতমানের ইলেকট্রনিক গ্যাজেট মেরামতের প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর জীবনাবসান ঘটে।

Advertisement
Advertisement
Advertisement