সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন   |   চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের লিকেজে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের একটি জাহাজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনসানী জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায়। নিহত অপর শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। গ্যাসের প্রভাবে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথম পর্যায়ে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন শ্রমিকের মৃত্যু হয়। পরে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার অভিযানে তিনজনের মরদেহ পাওয়া গেছে। আরও কয়েকজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আরও দুজন মারা যান।

বিষাক্ত গ্যাসের উৎস ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement