বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, লাভের স্বপ্ন দেখছেন কৃষক
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। একসময় এ অঞ্চলে টমেটো চাষ মূলত শীতকালেই সীমাবদ্ধ ছিল। তবে উন্নত জাত ও আধুনিক কৃষিপদ্ধতির ব্যবহারে এখন গ্রীষ্মকালেও টমেটো উৎপাদন করছেন কৃষকেরা। এতে মৌসুমি চাষের বাইরে নতুন আয়ের পথ তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে টমেটোর সরবরাহ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়াসহ কয়েকটি এলাকায় প্রায় ১০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন ৮০ জন কৃষক। বারি উদ্ভাবিত হাইব্রিড জাতের মধ্যে মিন্টু ও তানিসা সুপার জাতের টমেটো চাষে ভালো ফল পাওয়া যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) মো. জহুরুল ইসলাম জানান, বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। উন্নত জাত ও কৃষিপ্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিকূল মৌসুমেও টমেটো উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে।
কৃষকদের মতে, গ্রীষ্মকালে স্থানীয়ভাবে টমেটো উৎপাদন করা গেলে বাজারে সরবরাহ বাড়বে। একই সঙ্গে বাইরের অঞ্চল থেকে আসা টমেটোর ওপর নির্ভরশীলতা কমার সুযোগ তৈরি হবে।
ঝিলিম ইউনিয়নের গ্রীষ্মকালীন টমেটো চাষি আতিক উদ্দিন জানান, চলতি মৌসুমে তিনি ৩৬ শতক জমিতে টমেটো চাষ করেছেন। এতে তাঁর ব্যয় হয়েছে প্রায় এক লাখ টাকা। ইতোমধ্যে ৫২ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এবং ভারতীয় টমেটোর আমদানি না হলে ওই জমি থেকে প্রায় দুই লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্রীষ্মকালীন টমেটো চাষ সম্প্রসারণে উন্নত বীজ, সময়োপযোগী পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। এসব বিষয়ে যথাযথ সহযোগিতা পাওয়া গেলে বরেন্দ্র অঞ্চলে এ চাষ আরও বিস্তৃত হতে পারে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাইং এলাকায় কৃষক আতিক উদ্দিনের টমেটোখেত পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।