সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রাজশাহী

সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

পরীক্ষার উত্তরপত্রে কিছু না লিখে সাদা খাতা জমা দেওয়া এবং উত্তর লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ৩০ শিক্ষার্থীকে কঠোর সতর্কবার্তা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বহিষ্কারসহ ছাড়পত্র (টিসি) নিয়ে অন্য কলেজে যাওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক্‌-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় ৩০ শিক্ষার্থীর অস্বাভাবিক ফলাফল সামনে আসে। তাদের মধ্যে কয়েকজন কোনো প্রশ্নের উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়েছে। অন্যদিকে, কয়েকজন উত্তর লেখার পরও কোনো নম্বর পায়নি।

এ ঘটনায় শিক্ষার্থীদের এমন আচরণের কারণ জানতে চেয়েছে কলেজ প্রশাসন। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে ছাড়পত্র নিয়ে অন্য কলেজে ভর্তি হওয়ার নির্দেশনাও দেওয়া হতে পারে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, কলেজের শিক্ষার মান ও শৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করা হয়েছিল। এরপরও কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা না করে উত্তরপত্রে কিছুই লেখেনি। তাই তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।