সারাদেশে আবহাওয়া শুষ্ক, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস
সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শুক্রবার ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।
এদিকে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।