গোলের গেরো খুলে শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা। ২০০৩ সালের পর আর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। এবার সেই অপূর্ণতা ঘোচানোর স্বপ্ন দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুর ম্যাচে ভুটানের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় নিয়ে সমর্থকদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে তা অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ দলে যোগ দেওয়ার পর যেন বদলে গেছে দলের চেহারা। মাঠের খেলায় এসেছে গতি, মাঝমাঠে বেড়েছে নিয়ন্ত্রণ, আক্রমণেও দেখা গেছে নতুন আত্মবিশ্বাস। তারই প্রতিফলন শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়। এই জয়ে গ্রুপ ‘এ’-এর সেরা দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
গত বুধবার রাতে জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক হামজা চৌধুরীর নেতৃত্বে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। হামজার ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। বক্সে থাকা সামিত সোম প্রথম প্রচেষ্টায় গোল করতে না পারলেও ফিরতি বলে জাল খুঁজে নেন। এতে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা নিজেই। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন তিনি। দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া জোরালো শট গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। হামজার এই গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।
শুধু গোল করাই নয়, পুরো ম্যাচেই মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে সতীর্থদের খেলায় প্রভাব বিস্তার করেছেন হামজা। তার উপস্থিতিতে বাংলাদেশের আক্রমণভাগও পেয়েছে বাড়তি প্রাণ। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
তবে বড় জয়ের আনন্দের মধ্যেও বাংলাদেশ শিবিরে এসেছে দুঃসংবাদ। চোটের কারণে চলতি সাফ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরিস্থিতি গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তী সময়ে পরীক্ষায় তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়ে। অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে দলীয় সূত্রের বরাতে জানা গেছে, এবারের সাফে আর মাঠে নামা হচ্ছে না তার।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন সাদ। গ্রুপ পর্বের দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। তার অনুপস্থিতি সেমিফাইনালের আগে কোচ থমাস ডুলির জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে শিরোপার পথে বাংলাদেশের সামনে এখন সেমিফাইনালের চ্যালেঞ্জ। আগামী ১৪ নভেম্বর রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান।
ভুটানের বিপক্ষে গোল পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হলেও শ্রীলঙ্কার বিপক্ষে সেই গোল-সংকটের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে বাংলাদেশ। বিশেষ করে হামজার নেতৃত্বে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণের ধার দলটিকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।
তবে সেমিফাইনালে জয় পেতে হলে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ২০০৩ সালের পর আবারও সাফের শিরোপা উঁচিয়ে ধরার যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেটি পূরণ করতে এখন আর মাত্র দুটি বাধা পেরোনোর অপেক্ষা। গোলের গেরো খুলেছে, এবার কি ঘুচবে দীর্ঘ ২৩ বছরের শিরোপা-অপেক্ষা?