খুলনায় নকশিকাঁথা এক্সপ্রেসের বগিতে আগুন, ক্ষতিগ্রস্ত তিন চেয়ার
খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ওয়াশফিল্ডে নেওয়ার পথে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা এক্সপ্রেসটি খুলনা স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়া হচ্ছিল। পথে জোড়াগেট এলাকায় ট্রেনের এস-৫২২৫ নম্বর বগিতে আগুন দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। উপস্থিত লোকজন ও পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।
এদিকে একই রাতে বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ের সামনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পৃথক এ দুটি ঘটনা ঘটে। তবে বটিয়াঘাটার অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।