সংবাদ শিরোনাম

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৪০ দোকান

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৪০ দোকান টেকনাফের হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট। ছবি-সংগৃহীত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক থেকে দেড় কোটি টাকা হতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিউ জামাল মার্কেটসংলগ্ন সায়েম এন্টারপ্রাইজ নামের টাইলস ও রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। দোকানে রং ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়ে। এর মধ্যে একটি ম্যাট্রেস তৈরির প্রতিষ্ঠান ও ওয়ালটন শোরুমসহ বেশ কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টেকনাফ ও উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে বেশ কয়েকটি দোকানের পণ্য ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, সায়েম এন্টারপ্রাইজের রঙের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

হ্নীলা বাজারের ইজারাদার আব্দুল্লাহ বিন কাদের বলেন, রঙের দোকান থেকে আগুন প্রথমে পাশের ম্যাট্রেস তৈরির প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এরপর ওয়ালটন শোরুমসহ আশপাশের আরও কয়েকটি দোকান আগুনের কবলে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো করা হয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, হ্নীলা বাজারে অগ্নিকাণ্ডের বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব পাওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছবির ক্যাপশন:
টেকনাফের হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপা