পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্যমন্ত্রী

খাগড়াছড়িতে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সব জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেছেন, পাহাড়ে শান্তি ও উন্নয়নের পরিবেশ নষ্ট করতে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফের মাধ্যমে সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম। এ উদ্যোগ পাহাড়ের মানুষের প্রতি সরকারের বিশেষ গুরুত্ব ও সদিচ্ছার প্রতিফলন।

আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বা বিএনপির ব্যক্তিগত বিরোধ নেই উল্লেখ করে সাচিং প্রু বলেন, রাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া থাকতে পারে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে প্রায় তিন মাস অবস্থান করেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে একাধিকবার জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা নিয়ে সতর্ক থাকার আহ্বান

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল দাঙ্গা এবং সাম্প্রদায়িক সংকট তৈরির উসকানি দেয়। তবে সাধারণ মানুষ এখন সচেতন। গত নির্বাচনে পাহাড়ি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ভোটারের সমর্থন পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না।

স্থানীয় মানুষ ও নিজ নিজ কর্মস্থলে ইতিবাচক মনোভাব গড়ে তোলার মাধ্যমে সম্প্রীতি আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।রাতের বেলায় সন্দেহজনক চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পার্বত্যমন্ত্রী। তিনি বলেন, গভীর রাতে দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এসব ঘটনায় দুর্ঘটনা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি-বাঙালির দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পার্বত্য উন্নয়নে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ

পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে সাচিং প্রু বলেন, তিনি পাহাড়ের ১১টি ও সমতলের ৪০টিসহ মোট ৫১টি জাতিসত্তাকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে একীভূত করেছিলেন।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নে জিয়াউর রহমান প্রথম চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেন। পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীকে সংগঠিত করে যৌথ খামার ও পাঁচ একর করে জমি প্রদানের মাধ্যমে স্থায়ী আয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

এ ছাড়া খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউনুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্রসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।