কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
২৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বরিশাল

কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে কুয়াকাটা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম সিকদার (৩২) কুয়াকাটা পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা গ্রামের মো. লতিফ সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে কুয়াকাটা পৌর এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ আরও জানায়, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।