আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

জাতীয়

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি আহত সদস্যদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে আহত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী। তিনি তাঁদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির অপারেশনস (অপস) রুম ঘুরে দেখেন। সেখানে বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং দায়িত্ব পালন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

যেসব ঘটনায় আহত হন বিজিবি সদস্যরা

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।