ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ, নিয়োগ দেওয়া হবে ৫ হাজার চিকিৎসক
সরকার ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছরের মধ্যেই নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল মিলনায়তনে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডারস ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে কেন্দ্র দুটির অবকাঠামোগত প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা ও প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর দ্রুত বরাদ্দের ব্যবস্থা নেওয়া হবে।
দেশে চিকিৎসকের ঘাটতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ৮২ হাজার চিকিৎসকের সংকট রয়েছে। এ ঘাটতি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে এবং অল্প সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসা সহজলভ্য করতে আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী জানান, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব যন্ত্র পরিচালনায় দক্ষ জনবল তৈরি, চিকিৎসক নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের বিষয়েও কাজ চলছে। পাশাপাশি আধুনিক পরীক্ষাগার স্থাপন, হাসপাতালের নতুন ভবন নির্মাণ ও স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জেলা হাসপাতালগুলোতে স্নায়ুরোগের চিকিৎসা সক্ষমতা বাড়াতে হবে। মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা জেলা পর্যায়ে নিশ্চিত করা গেলে রোগীদের রাজধানী কিংবা বড় শহরমুখী নির্ভরতা কমবে।
তিনি বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে হাসপাতাল সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। এ সময় অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বক্তব্য দেন।
উল্লেখ্য, এবারের ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডারস ডে ২০২৬’-এর প্রতিপাদ্য ‘More Common Than You Think’।