ইলিশ রক্ষায় জেলেদের জীবিকা ও অধিকার নিশ্চিত করার আহ্বান মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

জাতীয়

ইলিশ রক্ষায় জেলেদের জীবিকা ও অধিকার নিশ্চিত করার আহ্বান মন্ত্রীর ছবি-- পিআইডি

ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষার পাশাপাশি জেলেদের জীবিকা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ইলিশ সংরক্ষণ কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে মাছের সুরক্ষার পাশাপাশি এর সঙ্গে যুক্ত মানুষের জীবনমানও উন্নত হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন ঢাকা হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থান ও জীবিকার ক্ষেত্রেও মাছটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এ খাতের সঙ্গে জেলে পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, মাছ প্রক্রিয়াজাতকারীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ সম্পৃক্ত।

তিনি জানান, ইলিশের অভয়াশ্রম গড়ে তোলা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক গবেষণা, সমন্বয় এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়াতে হবে।

ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণ এলাকা, পানির প্রবাহ, পরিবেশের অবস্থা ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। একই সঙ্গে গবেষকদের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং নদী ও সমুদ্রনির্ভর জেলেদের দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেন তিনি। দুই ধরনের জ্ঞানকে একত্রে কাজে লাগানো গেলে ইলিশ ব্যবস্থাপনা আরও বাস্তবসম্মত ও কার্যকর হবে বলে মন্তব্য করেন।

মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের আয় বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ইলিশের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে নিষেধাজ্ঞা প্রয়োজন হলেও এ সময়ে মৎস্যজীবী পরিবারগুলোর আর্থিক সংকট তৈরি হয়। তাই তাদের জন্য সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে ঋণ ও অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।

মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর বাজারব্যবস্থার কারণে জেলেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। অনেক জেলে নিজেরাই সরাসরি বাজারে মাছ বিক্রির সুযোগ পান না। এতে উৎপাদকরা কম দাম পেলেও ভোক্তাদের বেশি দামে মাছ কিনতে হয়। এ সমস্যা সমাধানে কার্যকর নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বে অব বেঙ্গল প্রোগ্রাম-ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড. পি. কৃষ্ণান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, মিয়ানমার ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা ড. খিন মং সো এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ.টি.এম. ফারুক-উল-ইসলামসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো জানুন ---চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা আইনমন্ত্রীর