ইংরেজি ও ডিজিটাল শিক্ষায় দক্ষতা অর্জনের তাগিদ পার্বত্য মন্ত্রীর
আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজি ভাষা ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা ও আধুনিক বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার বটতলার মোড়ে ইংলিশ ভয়েস স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে দেশ পরিচালনার মূল দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই থাকবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া।
আরো জানুন ---ইলিশ রক্ষায় জেলেদের জীবিকা ও অধিকার নিশ্চিত করার আহ্বান