ঢাকাসহ ছয় জেলায় বিজিবির ১১৩ প্লাটুন, প্রস্তুত আরও ৪ প্লাটুন
ছবি- সংগৃহীত
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ ছয় জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ১১৩ প্লাটুন বিজিবি মাঠে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির প্রয়োজন হলে দ্রুত মোতায়েনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানায়, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ৭, গাজীপুরে ১৮, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড ঠেকাতেও বিজিবির সদস্যরা নজরদারি চালাচ্ছেন। পরিস্থিতির তাৎক্ষণিক তথ্য পেতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক সরঞ্জামের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।