সৃজনশীল অর্থনীতি ও প্রবাসীদের ফেরাতে উদ্যোগের আহ্বান অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

জাতীয়

সৃজনশীল অর্থনীতি ও প্রবাসীদের ফেরাতে উদ্যোগের আহ্বান অর্থমন্ত্রীর ছবি-- পিআইডি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর এবং বিদেশে থাকা দক্ষ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, সৃজনশীল অর্থনীতির বিকাশ ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়া সম্ভব।

ঢাকায় আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির সঙ্গে যুক্ত করতে সরকার ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি নিয়ে একটি উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অর্থনৈতিক মূল্য সৃষ্টি এবং আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরির সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশের অনেক শিল্পী তাঁদের সৃষ্টিকর্মের যথাযথ মূল্য পান না। ফলে শিল্প ও সংস্কৃতির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাত অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে পারছে না। একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে লাভজনক এবং টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দেওয়া যায়, সে বিষয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি।

শিল্প ও সংস্কৃতির বিকাশে সৃষ্টিশীল কাজের যথাযথ মূল্যায়ন, মানসম্মত প্রকাশনা এবং শিল্প সমালোচক তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। পাশাপাশি দেশে শিল্পকর্মের নিলাম চালু করার ওপর গুরুত্ব দেন। ঢাকায় একটি মানসম্মত থিয়েটার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানান তিনি।

সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করে আমির খসরু বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেসব দেশ এ খাতে সফলতা অর্জন করেছে, তাদের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানো প্রয়োজন।

অনুষ্ঠানে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান (Scott Hartman)।

ঢাকার হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আরো জানুন ---হজযাত্রীদের বিমানভাড়া কমিয়েছে সরকার, ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ভাতার উদ্যোগ