রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা হামলা, গুলিবর্ষণ
ছবি-সংগৃহীত
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। টানা দুই দিনের ব্যবধানে একই এলাকায় এ ধরনের হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ৮ থেকে ১০ জনের একটি দল উপকেন্দ্রে ঢুকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপের পাশাপাশি তিন রাউন্ড গুলি ছোড়ে।
হামলায় নিক্ষেপ করা পেট্রলবোমার মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও অন্যান্য কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টার দিকে হামলাকারীরা উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্রে প্রবেশ করে গানপাউডার ছিটিয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার পর ঘটনাস্থলে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলোসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
হামলার পর ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, আগের দিনের হামলার পর উপকেন্দ্রের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তার জন্য অতিরিক্ত লোকবল মোতায়েন করা হয়। প্রথম দিন যেখানে দুজন কর্মী দায়িত্বে ছিলেন, পরদিন সেখানে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশের কাছেও নিরাপত্তা ও টহল জোরদারের অনুরোধ জানানো হয়েছিল।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এর আগের দিনও উপকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল, তবে তখন আগুন লাগেনি। দ্বিতীয় দফায় হামলার পর ঘটনাস্থলে একটি পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় কিছু সময় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।