ঈশ্বরদীতে সংঘর্ষ-গুলির পর বাড়িঘরে হামলা, আগুনে পুড়ল ৮ মোটরসাইকেল
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। পরে এ ঘটনার জেরে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। একই ঘটনায় কয়েকটি পবিত্র কোরআনও পুড়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় সংঘর্ষ ও পরবর্তী হামলার এসব ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাঁচজন গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন এবং শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রের দাবি, গুলিবিদ্ধ পাঁচজনসহ আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুরোনো বিরোধ থেকেই সংঘর্ষ
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বহিষ্কৃত জাকারিয়া পিন্টুর অনুসারীদের সঙ্গে নদীপথকেন্দ্রিক আলোচিত ‘কাঁকন বাহিনী’র দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর পাশাপাশি বালুর ব্যবসাকে কেন্দ্র করে জাকারিয়া পিন্টুর অনুসারীদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরোধের কথাও জানা গেছে।
এসব বিরোধের মধ্যে সোমবার সন্ধ্যায় কাঁকন বাহিনীর বিরুদ্ধে একটি মিছিল বের করেন জাকারিয়া পিন্টুর ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদ থেকে বহিষ্কৃত মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলকে কেন্দ্র করে কাঁকন বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হন।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
জাকারিয়া পিন্টুর অনুসারীদের দাবি, তাঁরা আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়ে গুলি করেন। এতে তাঁদের কয়েকজন আহত হন।
তবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয়দের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন।
জামায়াতের নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, সন্ধ্যার সংঘর্ষের পর রাতে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে মোটরসাইকেলগুলো পুড়ে যায়। একই সময় বাড়িতে থাকা কয়েকটি পবিত্র কোরআনও আগুনে পুড়ে গেছে বলে তাঁরা দাবি করেন।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পুলিশের বক্তব্য
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, সংঘর্ষ ও পরবর্তী ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।