লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহতের সংখ্যা নিশ্চিত নয়
ছবি-সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রুশ যুদ্ধজাহাজ ‘মারকুরি’তে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেলেও হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার ভোররাতে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নৌঘাঁটির কাছে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হামলা চালানো হয়। বন্দরসংশ্লিষ্ট সূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী আকাশযানও জাহাজটিতে আঘাত হানে।
স্যাটেলাইট তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলার পর ‘মারকুরি’র বড় একটি অংশ পানিতে ডুবে গেছে। জাহাজের সামনের অংশ পানির ওপরে থাকলেও ওপরের কাঠামোর কয়েকটি জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আশপাশের জেটিতেও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য বন্দরে অবস্থান করছিল।
এদিকে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি ঘাঁটি থেকে রুশ জাহাজটিকে লক্ষ্য করে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন ছোড়া হয়ে থাকতে পারে। তবে রাশিয়া এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।
একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের কাছাকাছি মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও সামুদ্রিক ড্রোন হামলার শিকার হয়। বেনগাজি প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জাহাজটির সব নাবিককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া স্থানীয় আল-মাসার টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বেনগাজির উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।