ধূলাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আশরাফুল ইসলাম, পাবনা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

রাজশাহী

ধূলাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও জলাবদ্ধ মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও স্বাভাবিক চলাফেরায় ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতার কারণে মশা-মাছির উপদ্রব ও রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের জলাবদ্ধ ও জরাজীর্ণ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জহুরুল মুন্সী, তাইজুল মোল্লা, আনোয়ার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় রাবিতা জিনাত ও সেতু খাতুন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিদ্যালয়ের মাঠটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। ফলে শিক্ষার্থীরা টিফিনের সময় ও অবসর মুহূর্তে খেলাধুলা কিংবা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে পারে না। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় মশা-মাছির বংশবিস্তার ও রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

তারা আরও বলেন, বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু মাঠের এমন দুরবস্থার কারণে শিক্ষার্থীরা স্বাভাবিক শৈশবের আনন্দ, খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধন থেকে বিদ্যালয়ের মাঠে পর্যাপ্ত মাটি ভরাট করে উঁচু করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে মাঠটি খেলার উপযোগী করে তোলার দাবি জানানো হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে মাঠটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।