জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, প্রত্যাবাসনে উদ্যোগ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

নিউইয়র্ক, ১৯ নভেম্বর:
১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

জাতীয়

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস, প্রত্যাবাসনে উদ্যোগ বাড়ানোর আহ্বান বাংলাদেশের ছবি ----পিআইডি

রোহিঙ্গা সংকট নিরসন, মানবাধিকার সুরক্ষা ও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরিতে আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ প্রস্তাব বিপুল ভোটে অনুমোদিত হয়েছে।

বুধবারের ভোটে প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ সমর্থন জানায়। বিপক্ষে ভোট পড়ে ৬টি এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।

প্রস্তাবের ওপর ভোটের আগে বাংলাদেশের বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রায় নয় বছর পার হলেও তাদের নিজ দেশে ফেরার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার আশ্রয়ের বোঝা বহন করতে গিয়ে বাংলাদেশ এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যকার মামলার সম্ভাব্য রায়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন রাষ্ট্রদূত। তার প্রত্যাশা, এ মামলার রায় রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং অপরাধের দায় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের অভিযোগের বিষয়টি স্থান পেয়েছে। এতে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা পৌঁছানো এবং ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় রোহিঙ্গা মানবিক কার্যক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান, তাদের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করে স্বেচ্ছায়, টেকসইভাবে প্রত্যাবাসনের ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রস্তাব কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক পক্ষগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার মূল উৎপত্তি মিয়ানমারে। ফলে এ সংকটের স্থায়ী সমাধানও মিয়ানমারকেই নিশ্চিত করতে হবে।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির দাবি জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের নীতিগত আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বলেও স্পষ্ট করা হয়।

একই সঙ্গে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করছে, তার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

আরো জানুন -----এস্তোনিয়ার সহযোগিতায় এগোবে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়ন