বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর পদ্ধতির ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর পদ্ধতির ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

বর্জ্যদূষণ কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় থ্রি আর (Reduce, Reuse, Recycle) পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। একই সঙ্গে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগের কথাও আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তুলে ধরেছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস: বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬–২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।

ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন কমানো এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে থ্রি আর পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনরায় ব্যবহার এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে সম্পদের অপচয় রোধ করা সম্ভব।

সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সবুজ আচ্ছাদন বাড়বে, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে।

অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। সঞ্চালনা করেন টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেসকো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী।

আলোচনায় অংশ নেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের কো-চেয়ার প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট প্যাক্ট অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ান ক্লাওয়ার্স। এ ছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক পরিচালক সুজিত হাওলাদার এবং প্রশাসন ও অর্থবিষয়ক সহকারী পরিচালক মো. ইউসুফ মেহেদী আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং জলবায়ু ও পরিবেশবিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন----প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তনে ১৫ বছর মেয়াদি পরিকল্পনার আহ্বান প্রতিমন্ত্রীর