জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে ইইউর সহযোগিতা চাইল বাংলাদেশ
ছবি -পিআইডি
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, সৌরবিদ্যুতের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি এবং উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ইইউর সহযোগিতা চেয়েছে সরকার।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে গতকাল ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি খাতের রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়িয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ গাছ হবে ম্যানগ্রোভ প্রজাতির। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগগুলো বৈঠকে তুলে ধরেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবও দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে এবং নিরাপদ পানীয় জলের সংকট তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ জন্য ইইউর জলবায়ু অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য (এনসিকিউজি) অর্জনে ইইউর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে। এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।
এ ছাড়া ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণসংক্রান্ত কার্যক্রমে ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সহযোগিতার সুযোগের কথাও তুলে ধরেন ইইউ প্রতিনিধি। তিনি জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগের উপযোগী প্রকল্প তৈরি ও প্রস্তুত করতে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করছে। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবটি ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউর গ্যারান্টি ব্যবস্থার আওতায় সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ যাচাই করার আগ্রহ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি।
বৈঠকে দুই পক্ষ আলোচিত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।
আরো পড়ুন----সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি-হয়রানি বন্ধে জিরো টলারেন্স