পাথরের আড়ালে ৩৬ চোরাই মোবাইল, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকসহ চালক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের ভারতীয় চালককে আটক করা হয়েছে। জব্দ করা মোবাইল, পাথর ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিচালিত এ অভিযান সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ভারতীয় পাথরবোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন পাওয়া যায়।
অভিযানে ট্রাকচালক জসিম শেখকে (২৭) আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। এ ছাড়া ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকটির নিবন্ধন নম্বর WB-73-G-4001।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মোবাইল ফোন, ৪০ টন পাথর ও ট্রাকের সম্মিলিত সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক চালক ও জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।