বিজয় দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি, সাভার স্মৃতিসৌধে বসবে সিসি ক্যামেরা
মহান বিজয় দিবস ২০২৬ উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা, সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটির সব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি সাভার জাতীয় স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে স্থাপন করা হবে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও শ্রদ্ধা নিবেদনের সময় বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। স্মৃতিসৌধ এলাকা এবং প্রবেশপথে স্থাপিত সিসি ও আইপি ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসা অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানেও নিরাপত্তা জোরদার করা হবে।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে স্মৃতিসৌধসহ অন্যান্য অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণ গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজয় দিবসের কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এড়াতে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।