প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তনে ১৫ বছর মেয়াদি পরিকল্পনার আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

জাতীয়

প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তনে ১৫ বছর মেয়াদি পরিকল্পনার আহ্বান প্রতিমন্ত্রীর

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুণগত ও কাঠামোগত পরিবর্তন আনতে ১৫ বছর মেয়াদি একটি জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন হতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। এ জন্য ১৫ বছর মেয়াদি মূল পরিকল্পনার পাশাপাশি তিন, পাঁচ, সাত ও দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন।

সোমবার (১৭ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (বিসিডিএম) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার সাফল্য শুধু বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রতিটি শিশু কতটা শিখছে, শিক্ষা গ্রহণে কতটা আনন্দ পাচ্ছে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে কতটা বিকশিত হচ্ছে, সেদিকেও নজর দিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং হ্যাপিনেস’ ধারণাকে বাস্তবে রূপ দিতে পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মান ও সুযোগ-সুবিধার যে পার্থক্য রয়েছে, তা কমিয়ে আনতে অভিন্ন মানদণ্ড প্রয়োজন। প্রাক্-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শিক্ষার মানোন্নয়নে তথ্য-প্রমাণভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করার পাশাপাশি পুষ্টি, বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, আসবাবপত্র ও স্যানিটেশন ব্যবস্থার মতো বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের তদারকি ও জবাবদিহিতা বাড়ানো প্রয়োজন।

এদিকে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-পিইডিপি-৫-এর নতুন নাম নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর নাম হতে যাচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা এবং এ খাতে প্রয়োজনীয় গুণগত ও কাঠামোগত পরিবর্তন আনাই এ উদ্যোগের উদ্দেশ্য। তাঁর ভাষায়, ‘সবার আগে প্রাথমিক শিক্ষা’ শুধু একটি কর্মসূচির নাম নয়, এটি শিক্ষার উন্নয়নে সরকারের অগ্রাধিকার ও জাতীয় অঙ্গীকারের প্রকাশ।

কর্মশালায় বিভিন্ন দলের পক্ষ থেকে দেওয়া সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাপ্ত সুপারিশগুলো যথাযথভাবে সংকলন করে সুনির্দিষ্ট প্রস্তাব আকারে নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে হবে। বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ মতামতের ভিত্তিতে একটি কার্যকর ও বাস্তবসম্মত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

আরো পড়ুন----উত্তর চট্টগ্রামের যাতায়াতে নতুন সম্ভাবনা, চালু হলো নাজিরহাট কমিউটার ট্রেন