তথ্য কমিশনে সাত অভিযোগের শুনানি, ছয়টি নিষ্পত্তি
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগ নিয়ে শুনানি করেছে তথ্য কমিশন বাংলাদেশ। শুনানি শেষে ছয়টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। বাকি একটি অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন কমিশন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় তথ্য কমিশনের কার্যালয়ে এসব অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে নেতৃত্ব দেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন।
কমিশন সূত্রে জানা যায়, শুনানির জন্য আসা অভিযোগগুলোর বড় অংশই বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তথ্য সরবরাহে অনীহা কিংবা প্রয়োজনীয় নথিপত্র না পাওয়াকে কেন্দ্র করে।
অভিযোগকারীদের আবেদনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের তদন্ত প্রতিবেদন এবং এসব বিষয়ে নেওয়া আইনগত ও প্রশাসনিক পদক্ষেপের তথ্য চাওয়া হয়েছিল। পাশাপাশি সংশ্লিষ্ট নথি, আদেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয়টিও উঠে আসে।
এ ছাড়া সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রমের তথ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন, জ্যেষ্ঠতা নির্ধারণ, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা সেবার বিবরণ না পাওয়ার অভিযোগও কমিশনের শুনানিতে উপস্থাপন করা হয়।
শুনানিতে সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়বস্তু পর্যালোচনা করে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে ছয়টি অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং অবশিষ্ট একটি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
তথ্য অধিকার আইনের মাধ্যমে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করে তথ্য কমিশন।
আরো পড়ুন ----জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ পাচ্ছে ৪১৫ কোটি টাকার অনুদান, ঋণ নয়