দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

জাতীয়

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও নিরাপদ ও পরিচ্ছন্ন করতে দেশের সব বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী এবং পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ শিশুদের জন্য আরও সুরক্ষিত, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিশুদের সার্বিক বিকাশের বিষয়ে তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে শিশুদের সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে খেলাধুলা, শরীরচর্চা এবং সহপাঠীদের সঙ্গে মেলামেশার সুযোগ থাকা প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, সন্তানদের খেলাধুলার জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের আশপাশে থাকা অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে পারে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদায়নসহ প্রশাসনের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নতুন নীতিমালা কার্যকর হলে প্রাথমিক শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকেরা মতবিনিময় সভায় অংশ নেন।

আরো পড়ুন ----প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তনে ১৫ বছর মেয়াদি পরিকল্পনার আহ্বান প্রতিমন্ত্রীর