জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ পাচ্ছে ৪১৫ কোটি টাকার অনুদান, ঋণ নয়

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

জাতীয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ পাচ্ছে ৪১৫ কোটি টাকার অনুদান, ঋণ নয় ছবি ----পিআইডি

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক উদ্যোগ ‘গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস’-এর আওতায় প্রাথমিকভাবে ৩০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে দেশটি। বিশেষ বিষয় হলো, এই অর্থ ফেরত দিতে হবে না; এটি কোনো ঋণ নয়, সম্পূর্ণ অনুদান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, জলবায়ুজনিত বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়নের আবেদন করেছিল। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এই কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে।

ড. সাইমুম পারভেজ বলেন, এই সহায়তা দেশের জলবায়ু মোকাবিলার প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবুজ ও পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত ছিলেন। এ সময় ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তাঁকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে উল্লেখ করেন।

প্রস্তাবিত অর্থায়নের মাধ্যমে দেশে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি বিমাভিত্তিক আর্থিক সুরক্ষা ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিরূপণ, আধুনিক তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং দুর্যোগের পূর্বাভাস ও ক্ষয়ক্ষতির মডেলিং সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা এবং বিকল্প আর্থিক সুরক্ষা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। দুর্যোগের আশঙ্কা কিংবা নির্ধারিত ঝুঁকির মাত্রা দেখা দিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় থাকা জনগোষ্ঠীর কাছে দ্রুত অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিটি বাস্তবায়নে বাংলাদেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে। এর ফলে উপকূলীয় অঞ্চলসহ দেশের দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

প্রাথমিকভাবে ৩০ মিলিয়ন ইউরোর অর্থায়ন সফলভাবে বাস্তবায়ন করা গেলে পরবর্তী পর্যায়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২৫০ কোটি টাকার অতিরিক্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জি-৭ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে গ্লোবাল শিল্ড কর্মসূচি প্রতিষ্ঠিত হয়েছে। দুর্যোগের পর ক্ষতিপূরণ বা সহায়তার ব্যবস্থা করার পাশাপাশি বিপর্যয় আসার আগেই প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সাইমুম পারভেজ অর্থায়নের ধরন পরিষ্কার করে বলেন, এটি সম্পূর্ণ অনুদান, কোনো ঋণ নয়।

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জলবায়ু বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের জন্য এ অর্থায়ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আর্থিক নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।