শিবগঞ্জে ২২৪ বোতল এসকাফ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ এসকাফ ও মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডুলিপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোররাম ওরফে সুমন (২৯), নলডুবরী গ্রামের মৃত নিবারন কর্মকারের ছেলে শ্রী প্রভাত কর্মকার (৪০) এবং একই গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে শ্রী পবন কর্মকার (৪০)।
এসআরবি-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) ক্যাম্পের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে সুমনের বাড়িতে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় সুমন ও প্রভাত কর্মকারকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৭৩ বোতল এসকাফ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এরপর সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের নলডুবরী গ্রামে পবন কর্মকারের বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি আরও ৫১ বোতল এসকাফ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দুটি অভিযানে সব মিলিয়ে ২২৪ বোতল এসকাফ, নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো জানুন ----পাথরের আড়ালে ৩৬ চোরাই মোবাইল, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকসহ চালক আটক