জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ছবি: বাসস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এতে অংশ নিচ্ছেন।
সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এবারের সম্মিলনের প্রতিপাদ্য— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
উচ্চশিক্ষার গুণগত মান আরও উন্নত করা, কলেজ পর্যায়ে সুশাসন জোরদার এবং সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রম ও পরিবেশের মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় থাকা মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ এসব কলেজের সঙ্গে যুক্ত।
আয়োজকদের আশা, এ সম্মিলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অধিভুক্ত কলেজগুলোর সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
তথ্য ও সূত্র-বাসস