টেকনাফে বিজিবির অভিযানে আইইডি, অস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার
ছবি-সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুটি অটোরিকশার চালকসহ দুজনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়।
রোববার সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযান ও উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির একটি দল টেকনাফ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বর্তমান পরিস্থিতিতে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করে থাকতে পারে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক কীভাবে এবং কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজিবি সূত্র আরও জানিয়েছে, এসব সামগ্রী প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানে তাদের কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি বিজিবি।
অভিযানের পুরো বিষয়, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানাতে রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি।