বঙ্গোপসাগরে ডুবল কার্গো জাহাজ, বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ
অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী এমভি
ওশেন উইনার নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ২৪
নাবিকের মধ্যে একজন বাংলাদেশি, ২০ জন চীনা এবং তিনজন মিয়ানমারের নাগরিক। দুর্ঘটনার
পর তাঁদের বেশিরভাগের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতের
ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। এতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ
আকরিকের গুঁড়া ছিল।
ভারতীয়
সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২
মিনিটে পারাদ্বীপ বন্দর ছেড়ে যায় এমভি ওশেন উইনার। এরপর ২২ আগস্ট সকাল ১১টা ৪৮
মিনিটের দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ
কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।
জাহাজটির
পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার
গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে
জরুরি অনুসন্ধান ও উদ্ধার সহায়তার আবেদন করে। খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও
নৌবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে।
উদ্ধার
অভিযানে ভারতীয় কোস্টগার্ডের বরদ
ও আনমোল নামের দুটি
জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি বিজিত
নামের আরেকটি জাহাজও শ্রী বিজয়া পুরম থেকে অভিযানে যোগ দিতে রওনা হয়েছে। ওই এলাকায়
চলাচলকারী অন্যান্য জাহাজকেও নিখোঁজ নাবিকদের সন্ধানে সহযোগিতার আহ্বান জানানো
হয়েছে।
ভারতের
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কতজন নাবিককে নিরাপদে উদ্ধার
করা হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
তবে
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট
থেকে দুজনকে উদ্ধার করেছে। নিখোঁজ অন্য নাবিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও তথ্য সংগ্রহ করছে।