নাচোলে ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

রাজশাহী

নাচোলে ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তান্ডব ও হত্যাকাণ্ডের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​২৮ অক্টোবর বুধবার বিকেল ৪ টায় নাচোল উপজেলা জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মো. ইয়াকুব আলী।

​পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা সহ- সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।

​বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা রইস উদ্দীন, পৌর নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

​বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার মাধ্যমে নির্বিচারে মানুষ হত্যার তীব্র নিন্দা জানান এবং শহীদদের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, ওই দিন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার হরণের উদ্দেশ্যে এক নৃশংস তাণ্ডব চালানো হয়েছিল, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। এদিন জসিম ও সপন সহ ১৩ জন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ত্যাগের কথা স্মরণ করে বক্তারা দেশে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।