চাঁপাইনবাবগঞ্জে ৩৫ লিটার চোলাইমদসহ যুবক আটক
অটোরিকশা জব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাইমদসহ জাহিদ হাসান সিফাত (২১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহমতপাড়া গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জাহিদ হাসান সিফাত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের দুরুল হুদার ছেলে। অভিযানকালে তাঁর কাছ থেকে ৩৫ লিটার চোলাইমদ ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।