সংবাদ শিরোনাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। ছবি -সংগৃহীত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর মধ্য দিয়ে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে প্রবেশ করেছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ পর্যায়ে পারমাণবিক চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া শুরু করা হয়। এর মাধ্যমে ধাপে ধাপে চুল্লিতে নিয়ন্ত্রিত ও স্থিতিশীলভাবে শক্তি উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ প্রকল্পের প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে যে জটিলতা ছিল, সেটিও কাটিয়ে ওঠা হয়েছে।

এর পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিতভাবে পরমাণুর বিভাজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরি করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সব পর্যায়ের পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন হলে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদনের পথ আরও সুগম হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জাতীয় জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।