সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি- পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে কাজ ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন—এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছেন। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে।
তারেক রহমান আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। কৃষক কার্ডও চালু করা হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।
সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।